ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি
Advertisement
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসিতে (জিপিইউএফপি) সারবাহী ট্রাক ও লোড-আনলোড সেকশনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানার ব্যাগিং সেকশনে গিয়ে তারা অবৈধ অর্থ আদায় বন্ধের নির্দেশনা দেন।
দলীয় নেতারা জানান, গত কয়েক দিন ধরে একটি চক্র সার কারখানার ব্যাগিং সেকশনের শ্রমিক ও পরিবহণকারী বিভিন্ন ট্রাক থেকে জোরপূর্বক ৫শ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি প্রতিরোধে সরাসরি উদ্যোগ নেন।
এ সময় তারা ব্যাগিং সেকশনের শ্রমিক ও চালকদের সাফ জানিয়ে দেন, কাউকে কোনো ধরনের অবৈধ চাঁদা দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন তারা।
এ সময় সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এমএ বাসেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহসহ নেতাকর্মীরা।
