বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্ত্রী-সন্তানের পর মারা গেলেন মাইদুলও
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মাইদুল (২৮) মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তার আট বছরের শিশুসন্তান মারুফ শনিবার এবং স্ত্রী বিউটি আক্তার (২৪) সোমবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে এ দুর্ঘটনায় পুরো পরিবারটি নিঃশেষ হয়ে গেল। কেউ বেঁচে রইল না।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ২৭নং ওয়ার্ড বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার সালাউদ্দিনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস বের হয়ে শোয়ার ঘরের ভেতরে জমে ছিল। শুক্রবার সকালে শিশুটির বাবা মাইদুল সিগারেট ধরাতে আগুন জ্বালালে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
