Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রমজানের অপরাধে সোনা মিয়ার মৃত্যুদণ্ড, চার শর্তে মুক্তির নির্দেশ

Icon

জসিম উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

রমজানের অপরাধে সোনা মিয়ার মৃত্যুদণ্ড, চার শর্তে মুক্তির নির্দেশ

Advertisement

এক লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কক্সবাজার জেলা কারাগারে থাকা সোনা মিয়া নিরপরাধ বলে তদন্তে উঠে আসার পর তাকে চার শর্তে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে সোনা মিয়ার পরিচয় ব্যবহার করে মামলায় আসামি হওয়া প্রকৃত আসামি রমজানকে দ্রুত শনাক্ত, গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।

তিনি জানান, কারাগারে থাকা সোনা মিয়াকে চারটি শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্তগুলো হলো- তার পরিচয়সংক্রান্ত আইডি কার্ড জমা দেওয়া, প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়া, কোনোভাবেই দেশত্যাগ না করা এবং প্রতি তিন মাস পরপর আদালতে হাজির হওয়া।

কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র পাওয়ার পর আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সোনা মিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এর আগে গত ১১ আগস্ট রমজানের অপরাধে সোনা মিয়ার মৃত্যুদণ্ড, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিরোনামে যুগান্তরের অনলাইন ও পরেরদিন প্রিন্ট ভার্সনে বিস্তর তথ্যসহ সংবাদ প্রকাশ করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২ মার্চ। ওই দিন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় আসামি হিসেবে ‘সোনা মিয়ার’ নাম উল্লেখ করা হয়। তার বাবার নাম নজির আহমদ, বর্তমান ঠিকানা কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এবং স্থায়ী ঠিকানা রামু উপজেলার গর্জনিয়া উল্লেখ করা হয়।

তবে মামলার তদন্তে ওই নাম-ঠিকানা সঠিক নয় বলে জানতে পারে পুলিশ। তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মানস বড়ুয়া ২০২০ সালের সেপ্টেম্বরে আদালতে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেন, কক্সবাজার সদর ও রামু থানা পুলিশ দিয়ে দ্বিতীয় আসামির নাম-ঠিকানা যাচাই করা হলেও তা সঠিক পাওয়া যায়নি।

নথিতে বলা হয়, অভিযানের সময় গ্রেফতার হওয়া ওই ব্যক্তি নিজেকে ‘সোনা মিয়া’ পরিচয় দিয়েছিলেন এবং তার কাছে পাওয়া একটি জন্মনিবন্ধনের ফটোকপির সূত্র ধরে ওই নামটি এজাহারে ব্যবহার করা হয়।

এরপরও মামলার বিচারিক কার্যক্রম চলতে থাকে। নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ জুন ‘সোনা মিয়া’ কক্সবাজার জেলা জজ আদালত থেকে জামিন পান। জামিনে বের হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওই মামলায় ‘সোনা মিয়াসহ’ পাঁচ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

রায়ের পর গত ২৩ জুন র‌্যাব-১৫-এর ওয়ারেন্টের ভিত্তিতে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। তবে কারাগারে যাওয়ার দুই-তিন দিন পরই তিনি জেল সুপারের কাছে আবেদন করে জানান, তিনি ওই ইয়াবা মামলার আসামি নন।

বিষয়টি আদালতের নজরে এলে কক্সবাজার সদর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। গত ২ জুলাই পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে উঠে আসে, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ব্যক্তি এবং ২০২৬ সালের ২৩ জুন গ্রেফতার হওয়া সোনা মিয়া একই ব্যক্তি নন।

পুলিশের তদন্তে জানা যায়, ২০২০ সালে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হওয়া দ্বিতীয় আসামির প্রকৃত নাম রমজান। তিনি সোনা মিয়ার পরিচয় ব্যবহার করে পুলিশের কাছে নিজেকে সোনা মিয়া হিসেবে পরিচয় দিয়েছিলেন। রমজান ও প্রকৃত সোনা মিয়া একই সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরে তারা কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় একই ঘরে থাকতেন। কোনো এক সময় সোনা মিয়ার জন্মনিবন্ধন রমজানের কাছে ছিল এবং সেটিই তিনি নিজের পরিচয় হিসেবে ব্যবহার করেন বলে তদন্তে উঠে এসেছে।

কারাগারে সংরক্ষিত তথ্যেও দুই ব্যক্তির পরিচয়ে বড় ধরনের পার্থক্য পাওয়া গেছে। ২০২০ সালে গ্রেফতার হওয়া ব্যক্তির মায়ের নাম সোনারা বেগম, স্ত্রীর নাম আয়েশা এবং তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। তার উচ্চতা ছিল ৫ ফুট ৩ ইঞ্চি ও ওজন ৫০ কেজি।

অন্যদিকে গত ২৩ জুন গ্রেফতার হওয়া প্রকৃত সোনা মিয়ার মায়ের নাম মাহমুদা খাতুন, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস। তার এক ছেলে ও তিন মেয়ে। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৪২ কেজি।

দুই ব্যক্তির শনাক্তকরণ চিহ্নেও রয়েছে পার্থক্য। ২০২০ সালের নথিতে বাম গালে ক্ষত, ডান গালে আঁচিল ও ডান বাহুতে ক্ষতের কথা উল্লেখ রয়েছে। আর ২০২৬ সালে গ্রেফতার হওয়া সোনা মিয়ার শনাক্তকরণ চিহ্ন হিসেবে ডান বাহুতে তিল, পেটের বাম পাশে তিল এবং পিঠের মাঝখানে তিলের কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ পুলিশের অভিযোগপত্রেই যখন ‘সোনা মিয়ার’ নাম-ঠিকানা সঠিক নয় বলে উল্লেখ করা হয়েছিল, তখন ওই পরিচয়ের ব্যক্তির জামিন কিভাবে হলো এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কিভাবে হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান বলেন, মামলাটি দায়ের থেকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত তদন্ত কর্মকর্তার চরম গাফিলতি ছিল। কোনো ব্যক্তি অন্যের জন্মনিবন্ধন ব্যবহার করে পরিচয় দিলে প্রকৃত পরিচয় বের করার দায়িত্ব তদন্ত কর্মকর্তার; কিন্তু এ মামলায় প্রকৃত পরিচয় যাচাই না করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকৃত আসামি রমজান জামিনে বের হয়ে পালিয়ে যান। পরে তার পরিচয় ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয় এবং শেষপর্যন্ত প্রকৃত সোনা মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

প্রকৃত সোনা মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, তার স্বামীর বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না এবং তিনি কখনো কারাগারেও যাননি। হঠাৎ র‌্যাব তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর পর ইয়াবা মামলায় মৃত্যুদণ্ডের বিষয়টি জানতে পারেন।

তিনি দাবি করেন, তার স্বামী রোহিঙ্গা নন।

কুতুবদিয়াপাড়ায় থাকার সময় রমজান নামের এক রোহিঙ্গার সঙ্গে তার স্বামীর বন্ধুত্ব ছিল। ওই রমজানই ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। তার স্বামীর পরিচয় ব্যবহার করে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আদালতের আদেশের কাগজপত্র তারা পেয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

আদালতের আদেশ অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে চার শর্তে সোনা মিয়ার মুক্তির পথ খুলেছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামিননামা পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে আরও তিন সন্তানের জন্ম

প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে আরও তিন সন্তানের জন্ম

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

আরও পড়ুন

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম