প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হলেও তিন দিনেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তার দায়িত্ব হস্তান্তরে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে একটি আপত্তিকর ফোনালাপ ছড়িয়ে পড়ার পর তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ফাঁস হওয়া ওই ফোনালাপ কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তবে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত দায়িত্ব হস্তান্তর না করায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
এর আগেও আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। গত ১০ আগস্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একটি অভিযোগকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। অভিযোগটি করেছিলেন দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান। তবে আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ ওঠে ওসি নোমানের বিরুদ্ধে।
এ ঘটনায় বিচারক অভিযোগটি তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ওসি হিসেবে তার দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হয়রানি, গ্রেফতার ও মামলা নিয়ে বাণিজ্য, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা বিতর্কে জড়িয়েছেন নোমান। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের কোনো চূড়ান্ত ফলাফল এখনো সামনে আসেনি।
স্থানীয়দের আরও অভিযোগ, থানায় সাধারণ সেবা নিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। জিডি ও মামলা গ্রহণের ক্ষেত্রে অর্থ দাবি করা কিংবা টাকা ছাড়া সেবা দিতে অনীহার অভিযোগও করেছেন কেউ কেউ। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।
অন্যদিকে, দায়িত্ব হস্তান্তরে বিলম্বের পেছনে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে একাধিক সূত্রের দাবি। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে ওসি ফয়জুল আজিম নোমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। তবে বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার জানান, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব বুঝে পাননি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব হস্তান্তরে কিছুটা দেরি হলেও শুক্রবারের মধ্যে নোমান থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসির সুযোগ নেই। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত ওসি (তদন্ত) থানার দায়িত্ব সামলাবেন।
