যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের দাগনভূঞা পৌর শাখার সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সনিকে নিজের বাংলোতে যেতে বলেন ওসি। এ সময় তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিওটি ছড়িয়ে পড়ে। ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
ওসি বলেন, তোমারে এখনো বুঝাইতেই পারি নাই। তুমি বিশ্বাস যদি করো, মানে আমার সঙ্গে অল্প একটু কথা বললে, আমার কাছে একটু সময়ের জন্য আসলে, ধরো তোমার মাথার ব্যথা বলো আর ওই মাইগ্রেনের ব্যথা থেকে শুরু করে যত ব্যথা, যত মনকষ্ট আর যা যা কিছু আছে, অনেক কিছুই থাকবে না।
যুব মহিলা লীগ নেত্রী বলেন, মেডিসিন ডাক্তারের কাছে যাই, তাইলে?
ওসি বলেন, মেডিসিন ডাক্তার না। এটা মন থেকে দোয়া দিই। তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার-পাওয়ারও নাই। ঠিক আছে, একটু দেখতে চেয়েছিলাম। আর দরকারি কিছু কথাবার্তা বলা দরকার। মানে এখান থেকে গেলে অফিসে, এখনো অফিসে যায় নাই।
সার্বিক একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি যে সবাই আইসা চাপ দেবে। তোমার সঙ্গে বিস্তারিত সবকিছু একটু টুকটাক আলোচনা করে, শুনে-টুনে ভালো হবে। কী করব, নাকি বিশ্বাস না করো, নাকি আশা ঠিক হবে কি না, নাকি আবার ধরে দেব কি না।
যুব মহিলা লীগ নেত্রী বলেন, আল্লাহ শুনতেছে, আপনি আমাকে অনেক হেল্প করছেন।
ওসি বলেন, এটা করছি, এটা আমার চাকরির উপরে এফেক্ট পড়বে। কাউকে খুব বেশি একটা, মানে মায়ার মনে হয়, মানে কারও প্রতি এভাবে হঠাৎ করে আটকে যাব। ওই সময় তুমি যদি এরকম এরকম করবা আমার সঙ্গে, জানলে ওই সময় তোমারে একটু দেখতাম, বলতাম ভিডিও কল দাও।
আরে, এত কথার দরকার নাই। তুমি একটা সিএনজি নিয়ে, বুঝছো নাকি? আচ্ছা, একটু দেখা করে চলে যাও। আচ্ছা, আজকে দূরে আছ তো? দূরে দূরে নাই, তোমার লোকেশন-টোকেশন সব আমার কাছে।
তুমি হলে একটা ম্যাডাম মানুষ। যেটা তোমার বেস্ট জার্নি হয়, যত টাকা নেয়, সেই রকম একটা গাড়ি রিজার্ভ করো। কোনো সমস্যা নাই। ওসি ঠিক, সব ঠিক। কীসের সমস্যা? যেখান থেকে আসো, দাগনভূঞায় ঢুকে সোজা আমার বাংলোতে চলে আসবা। আচ্ছা, আমি গুগল ম্যাপে দেখি চৌদ্দগ্রাম থেকে আসতে কত মিনিট লাগে। তুমি বের হয়ে আমাকে ফোন দেবে। আচ্ছা, আসো।
ওসি আরও বলেন, কালকে আসবে বলে আহারে বাবারে, মানুষের একটা আকর্ষণ আছে না, এটা নষ্ট করে দিলে তো সারাদিন মানে একটা অপেক্ষা। এখন আবার এটা বলো, তুমি ওই যে যেখান থেকে তোমাকে চিনবে, ওখান থেকে সিএনজি নিও না। বের হয়ে মাজার থেকে একটা সিএনজি নিয়ে, এমনে থানার কথা বলব।
যুব মহিলা লীগ নেত্রী সনি বলেন, আমি বাসায় নেই। আপনি ভিডিও কল দিয়ে দেখেন। আঙ্কেল, আপনি বিশ্বাস করেন। তাহলে একটা গাড়ি নিয়ে নেব কি না? হ্যাঁ, গাড়ি তো নেবে। আমি রামানন্দপুরে নেই। কী বলেন, আমি ম্যাডাম মানুষ। আবার কোনো সমস্যায় পড়ে যাব নাকি? একদম বিশ্বাস করেন, আমি বাড়ি থেকে বের হয়ে অটো নিয়ে চৌদ্দগ্রাম থেকে মিয়াবাজার থেকে গাড়ি নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি ম্যাসেজ দেব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি। তার দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানান। এ ছাড়া ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ওসিকে দুই লাখ টাকা ঘুস দেন বলে দাবি করেন তিনি। তবে টাকা নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় বলে অভিযোগ সনির।
সনি আরও অভিযোগ করেন, জামিনে মুক্তির পরও ওসি তাকে নিজের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন এবং আপত্তিকর ইঙ্গিত দেন। এতে সাড়া না দিলে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বানিয়ে গ্রেফতারের ভয় দেখানো হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে সনির অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজীম নোমান। অডিওতে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামি গ্রেফতারের কৌশল হিসেবে সনিকে বাসায় আসতে বলেছিলেন। অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাকে ডেকেছিলেন, এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

