কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে
মো. ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
মো. ইসহাক মিঞা
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যেন পরিণত হয়েছে ঘুস-বাণিজ্যের আখড়ায়। চাকরি স্থায়ীকরণ থেকে শুরু করে পে-ফিক্সেশন, চিকিৎসা ও মাতৃত্বকালীন ছুটি, বকেয়া বিল, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত এবং বিভিন্ন উন্নয়ন বরাদ্দ—কোনো কাজই ঘুস ছাড়া হয় না বলে অভিযোগ উঠেছে।
এমনকি অর্থ দিতে ব্যর্থ হলে শিক্ষকদের বদলি ও হয়রানির হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞার বিরুদ্ধে।
এককের পর এক অর্থ আদায়, শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। অভিযোগের পক্ষে কল রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
শিক্ষকদের অভিযোগ, এর আগেও নাসিরনগর উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে নানা অভিযোগের মুখে দুইবার বদলি হয়েছিলেন ইসহাক মিঞা। পরে আবারও একই উপজেলায় ফিরে আসেন। এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তৃতীয়বারের মতো নাসিরনগরে যোগদানের পরও তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থামেনি। নাসিরনগরের এক সহকারী শিক্ষিকাকে বিয়ে করার সুবাদে তিনি এই উপজেলা ছাড়তে সহজে রাজি নন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে গত ১৮ অক্টোবর শিক্ষামন্ত্রী বরাবর চার পাতার লিখিত অভিযোগ দিয়েছেন কালিউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা বেগম ও উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি বেগম।
লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, ইসহাক মিঞা চলতি বছরের জুন মাসে সমন্বয় সভায় অডিট এবং অফিস খরচের কথা বলে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি দেড় হাজার টাকা করে ঘুস গ্রহণ করেন। তার কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) মনির হোসেনের বেতন দিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধানের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নেন।
এছাড়া জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পে-ফিক্সেশনের জন্য উপজেলার ৭৫১ জন প্রাথমিক শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে ঘুস নিয়েছেন তিনি। উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজের বরাদ্দ থেকে ১০ হাজার টাকা করে দিতে হয়েছে তাকে। শুধু তা-ই নয়, উপজেলা শিক্ষা অফিসের ভেতরে গ্লাসের তৈরি নামফলক ও সাইনবোর্ড তৈরির জন্য ১২৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, চাকরি স্থায়ীকরণের কথা বলে উপজেলার রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষকের কাছ থেকে আড়াই হাজার টাকা করে ঘুস নিয়েছেন ইসহাক মিঞা। সমতা বিল করার নামে ৪২ জন শিক্ষকের প্রত্যেকের কাছ থেকে নিয়েছেন ১২ হাজার টাকা করে। উপজেলার তিনটি বিদ্যালয়ের প্লেয়িং এক্সেসরিজের কাজ এলে তিনি নিজেই তা করেন এবং পরে বিদ্যালয় প্রধানদের চাপ দিয়ে চেকে স্বাক্ষর নিয়ে বিল তোলেন।
এছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের হয়রানিমূলক শোকজ করে কথিত পিএস মনির হোসেনের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে ঘুস নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চিকিৎসা ও মাতৃত্বকালীন ছুটি, শিক্ষক সংযুক্তি, বকেয়া বিল এবং স্লিপসহ (এসএলআইপি) বিভিন্ন আর্থিক খাতের কার্যক্রমও ঘুস ছাড়া করেন না তিনি। এসব কাজে সহযোগিতার জন্য শিক্ষকদের নিয়েই একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন, যাদের নিয়ে বছরে একাধিকবার দেশের বিভিন্ন প্রান্তে ও রিসোর্টে ভ্রমণে যান তিনি।
অভিযোগকারী প্রধান শিক্ষক লুবনা বেগম বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা ক্ষুদ্র মেরামতের বরাদ্দের টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করেন, না হলে আমাকে বদলি করে দেবেন বলে ভয় দেখান। পরে আমি তাকে ১০ হাজার টাকা ঘুস দিয়েছি। বদলির হুমকির কারণে কেউ মুখ খোলার সাহস পায় না। তিনি এই উপজেলায় এক শিক্ষিকাকে বিয়ে করে খুঁটির জোর শক্ত করেছেন।’
আরেক অভিযোগকারী সহকারী শিক্ষক বিউটি বেগম বলেন, ‘চাকরি স্থায়ীকরণের জন্য আমিসহ আরও ১০৯ জন শিক্ষকের কাছ থেকে তিনি আড়াই হাজার টাকা করে ঘুস নিয়েছেন; কিন্তু অদ্যাবধি এর দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে অফিসে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটি আটকে রেখেছেন, ধৈর্য ধরেন হয়ে যাবে।’
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা বলেন, ‘শিক্ষিকা লুবনা বেগমের পরিবারের সবাই বিএনপির। স্কুলের ব্যবস্থাপনা কমিটিতে কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে তার ভাসুরকে সভাপতি করে দিয়েছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। এ বিষয়ে বলায় তার স্বামী আমাকে চাপ দিচ্ছেন।’
কথিত পিএস দিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এসব বিষয়ে তদন্ত হচ্ছে, সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক হয়তো বিষয়টি তদন্তের জন্য কাউকে দায়িত্ব দেবেন।
