ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তিনি গাছের ডালের সঙ্গে আটকে থাকেন।
খবর পেয়ে গ্রামের লোকজন তাকে নামানোর চেষ্টা করলেও উঁচু গাছ থেকে অজ্ঞান অবস্থায় তাকে নামানো সম্ভব হয়নি। পরে স্থানীয়রা সরাইল ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে।
এ বিষয়ে সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং দীর্ঘ চেষ্টার পর ওই যুবককে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন। উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় রাসেল মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সদর হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।
