ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ ঘিরে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পালটা ধাওয়া
Advertisement
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক উপজেলা ছাত্রদলের নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
অন্যদিকে বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনের নেতৃত্বেও আরেকটি মিছিল বের হয়। পরে উভয়পক্ষ ঢালুয়া বাইপাস এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, বুধবার বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করলো আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’
এই পোস্টে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করলে পালটা মন্তব্যে এমপির ভেরিফাইড আইডি থেকে তাদের আঞ্চলিক ভাষায় (প্রকাশ অনুপযোগী) গালি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, আমরা প্রতিবাদ মিছিল শেষ করার আগেই আবদুল মমিন, আলী হাসান টিপু ও আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন। তিনি বলেন, আমরা কোনো হামলা করিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উভয়পক্ষের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমার আইডি থেকে পোস্ট এবং মন্তব্য যেই করেছে, বিষয়টি আমি অবগত আছি। আর বিএনপির নেতাকর্মীরা বিএনপির ওপর কেন হামলা করবে, বিষয়টি আমার জানা নেই।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে, তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
