নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরে অনিমা জামান প্রমা নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।
জানা গেছে, অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে যান প্রমা। জনসম্মুখে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
প্রমার বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকারবিরোধী অপতৎপরতাসহ গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
