Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

ছবি: সংগৃহীত

Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনই বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের মূল উৎস এখনো শনাক্ত করতে পারেনি তদন্ত দল।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

গ্রেফতার সাতজনের পরিচয়

গ্রেফতার ৫ সরকারি কর্মচারী হলেন—পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর মো. রুবেল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কম্পিউটার অপারেটর এস এম ইমদাদুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদুল ইসলাম, এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ এবং একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর।

অন্য দুজন মফিজুল ইসলাম ও হাসিনুর রহমান সুজন চাকরিপ্রত্যাশী।

যেভাবে গ্রেফতার করা হয়

এসআরবি-৩-এর অধিনায়ক জানান, ১৪ অক্টোবর মতিঝিল এলাকা থেকে রুবেল, মফিজুল ও সুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখান থেকে ইমদাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে এসআরবি-৪-এর সহায়তায় মিরপুর-১০ এলাকা থেকে গ্রেফতার করা হয় আসাদুল ইসলামকে।

গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন ও চ্যাট পর্যালোচনা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর সাভার থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে ১৬ অক্টোবর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীরকে।

যেভাবে ফাঁস হয় প্রশ্নপত্র

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটে নূর মোহাম্মদ একটি সূত্রের মাধ্যমে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান। পরে সকাল ৬টা ১৫ মিনিটে জাহাঙ্গীর তাকে প্রশ্নপত্রের স্পষ্ট ছবি পাঠান। এরপর নূর মোহাম্মদ প্রশ্নগুলোর উত্তর তৈরি করে জাহাঙ্গীর ও ইমদাদুলের কাছে পাঠান। পরে চক্রের অন্য সদস্য ও তাদের সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র ও উত্তর পৌঁছে দেওয়া হয়।

এ কাজে আসাদুল, রুবেল, মফিজুল ও সুজন যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে যোগাযোগ করতেন।

গ্রেফতার ব্যক্তিরা ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার দাবি করলেও তা এখনো যাচাই করা যায়নি। তারা যেসব ফেসবুক গ্রুপ ও আইডির কথা বলেছেন, সেগুলো খতিয়ে দেখছে তদন্ত দল। প্রশ্নপত্রের মূল উৎস এবং ঘটনায় অন্য কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, এখন পর্যন্ত ওই অধিদপ্তরের কারও সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

জব্দ করা হয়েছে যেসব সামগ্রী

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্রের এক সেট, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্রের ১৯ পাতা, ১০০ টাকার ১১৬টি ও ৫০ টাকার চারটি স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেকের ৪৮ পাতা ও একটি ব্যাংক চেক, বিভিন্ন ক্যাটাগরির সনদপত্র, ছয়টি জাতীয় পরিচয়পত্র, আটটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়েছে।

স্থগিত পরীক্ষার পর নতুন করে পরীক্ষা

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

এ ঘটনায় ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। পরে ছায়া তদন্ত শুরু করে এসআরবি।

এদিকে শুক্রবার (১৬ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে রেশমা আক্তার নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় যেভাবে

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় যেভাবে

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম