স্কুলে যাওয়ার পথে নির্জনে নিয়ে শিশুকে ধর্ষণ, অটোচালক গ্রেফতার
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে নির্জন স্থানে নিয়ে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণ করেন অটোরিকশাচালক ছিদ্দিক হাওলাদার। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছিদ্দিক হাওলাদার (৪০) চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে ও পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে ছিদ্দিক হাওলাদারকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে গ্রেফতার করলে সে অপরাধের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতকে রোববার (১৬ আগস্ট) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোরিকশায় যাত্রী হয়ে উঠে। এ সময় সুযোগ পেয়ে অটোরিকশাচালক একটি নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে অভিভাবকদের জানায়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৪ আগস্ট) থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
