Logo
Logo
×
   

সারাদেশ

উত্তাল ঢেউয়ে সাগরে ট্রলারডুবি, ১০ জেলের সবাই উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

উত্তাল ঢেউয়ে সাগরে ট্রলারডুবি, ১০ জেলের সবাই উদ্ধার

ফাইল ছবি

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়োহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন অপর তিনজন। পরে প্রায় তিন ঘণ্টা সাঁতার কেটে ভেসে থাকার পর ওই তিন জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের সোহেল মীর। তিনি জানান, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। সোমবার আবহাওয়া খারাপ হয়ে গেলে ঘাটের উদ্দেশে ফিরছিলেন তারা। পথে সাগরের হাইরের মাঝামাঝি এলাকায় ঝড়োহাওয়া ও উত্তাল ঢেউয়ের চাপে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করেন। তবে অপর তিন জেলে সাগরে নিখোঁজ হন। পরে প্রায় তিন ঘণ্টা সাঁতার কেটে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাদেরও জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫), মো. মনির (৩৬), মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮) ও মো. সাকিল (৩৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ও রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ১০ জেলেসহ ট্রলারডুবির খবর তারা পেয়েছেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অন্য এক ট্রলারের সাহায্যে সাত জেলেকে উদ্ধার করা হয়। পরে নিখোঁজ তিন জেলেকেও সাগরে তল্লাশি চালিয়ে জীবিত উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .