সালথায় আ.লীগ সমর্থকের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেফতার ১
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। হামলায় তার একটি দাঁত পড়ে গেছে। এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শাহ আলম মাতুব্বরের দাবি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ফরিদ মোল্লাকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় তাকে দায়ী করে ফরিদ মোল্লার সমর্থকরা শুক্রবার বিকালে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় তার একটি দাঁত পড়ে যায়।
এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্লা (৪০), ইমরান মোল্লঅ (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্লা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখকে (৩৫) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটে।
সালথা থানার পরিদর্শক বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
