Logo
Logo
×
   

সারাদেশ

ভুয়া ‘১৪৪ ধারা’ জারি করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

ভুয়া ‘১৪৪ ধারা’ জারি করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারির ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ার পর অবশেষে অভিযুক্ত ছাত্রদল নেতাকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীর বিরুদ্ধে বেআইনিভাবে মাইকিং করে ‘১৪৪ ধারা’ জারির ভুয়া ঘোষণা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয় এবং শেষপর্যন্ত প্রায় ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সুজনের যৌথ নির্দেশে অভিযুক্ত মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়। সোমবারের মধ্যে তাকে সশরীরে অফিসে উপস্থিত হয়ে জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) লালপুর উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিকে অতিথি করার কোনো রীতি নেই। প্রতি বছর গ্রামের প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরাই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজক কমিটি অভিযোগ করে বলেন, মারুফ আলী ফাইনাল খেলায় গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার দাবি জানান। আয়োজকরা ঐতিহ্যের কথা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করলে তিনি ক্ষুব্ধ হয়ে এলাকায় মাইকিং করে ‘১৪৪ ধারা’ জারির ভুয়া ঘোষণা দেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় খেলা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে রোববার (২৩ আগস্ট) নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কেএফ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে শোকজ করা হয়েছে। নোটিশে আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরে অবস্থিত নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম