ভৈরবে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জিদনী সায়হাম ও একই এলাকার সৈয়দ বানু নামে আরেক বৃদ্ধা মারা গেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিদনী সায়হামের (৩৫) মৃত্যু হয়। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই এলাকার সৈয়দ বানু (৬৫) নামে আরেক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত জিদনী সায়হাম ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জিএম ইস্পাহানি মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয় বাসিন্দা আরাফাত ভূঁইয়া বলেন, ভৈরব শহরের ডাম্পিং ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে পুরো শহরে ডেঙ্গু বিস্তার ঘটছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে একদিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাই আমরা এলাকাবাসী সড়ক অবরোধ করেছি প্রশাসন যেন বৃহস্পতিবারের মধ্যে ময়লা আবর্জনা ফেলা বন্ধসহ ময়লা স্তূপ সরিয়ে ফেলার দাবি জানান।
পরিবারের সদস্যরা জানান, জিদনী সায়হাম তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। শরীরে প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে একের পর এক ডেঙ্গু মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। প্রশাসনের অবহেলা ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে তারা স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, ভৈরবের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন জনবসতি জায়গায় ফেলা হচ্ছে। যার ফলে শহরে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গুতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাছাড়া রেলওয়ে স্টেশন সড়কের পাশে ময়লা আবর্জনা আর ফেলা হবে বলে তিনি জানান।
