বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে অস্থিতিশীল রাজনীতি পরিহারের আহ্বান নুরের
Advertisement
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
ইপিজেড প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে এ ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এ সংকট তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের একটি জাতীয় সমস্যা। সংকট সমাধানে নীতিগত আলোচনা ও আলাপ-আলোচনার পরিবর্তে বিরোধী বা অন্য কোনো রাজনৈতিক দল রাজপথে আন্দোলন-সংগ্রামের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। নীতিগত বিষয়ে আলোচনা, সমালোচনা ও দ্বিমত থাকতেই পারে। তবে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যার কারণে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশকে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও একটি সঠিক ও মানসম্মত গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। সরকার জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনছে এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে।
দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
স্থানীয় উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজন অনুযায়ী প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, আগে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই ভারতনির্ভর ছিল। বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিচ্ছে।
এ সময় পটুয়াখালী ইপিজেড প্রকল্পের পরিচালক মো. মাজেদুর রহমান খানসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় যোগদান করেন।
