স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
রোববার ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রায় দুই ঘণ্টা মন্ত্রী সেখানে অবস্থান করেন। তিনি সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
এ সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো আমলে নেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক সংকট ও জনবল সংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন।
এদিকে হাসপাতালের বিভিন্ন অভিযোগের কথা আমলে নিয়ে ৩ জন সিনিয়র নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকার প্রমুখ।
