ভাড়া বৃদ্ধির দাবিতে বাস বন্ধ, চট্টগ্রামে যাত্রীদের দুর্ভোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আগাম ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধির দাবিতে নগরীর ৩ নম্বর রুটে (মুরাদপুর-নিউমার্কেট) মিনিবাস চলাচল বন্ধ রাখেন পরিবহণ মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে কোনো মিনিবাসই ছাড়েনি। ফলে এই সড়কে চলাচলরত হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। অনেকে সিএনজিচালিত বাসে করে গন্তব্যে যেতে দেখা গেছে। এমনকি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুটটিতে কোনো মিনিবাস দেখা যায়নি। তবে একই রুটে টেম্পো, ম্যাক্সিমাসহ অন্য গণপরিবহণ চলাচল করতে দেখা গেছে।
মিনিবাসের মালিকপক্ষের দাবি, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় গাড়ির ট্রিপ কমে যাচ্ছে। একইসঙ্গে বেড়ে যাচ্ছে পরিচালন ব্যয়। এ পরিস্থিতিতে গ্যাসচালিত গণপরিবহণের ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা।
সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের অভিযোগ গত একমাস ধরে গ্যাস সংকটের অজুহাতে এ রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। এরমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে ভাড়া বাড়ানোর দাবিতে মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই রুটের যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েন।
অভিযোগ রয়েছে, একমাস ধরে গ্যাস সংকটের কথা বলে ৩ নম্বর রুটে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ৫ টাকার ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ১৫ টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া গন্তব্যে না নিয়ে আরও আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।
এই রুটের নিয়মিত যাত্রী আবুল কাশেম জানান, মুরাদপুর থেকে নিউমার্কেটে যেতে ভাড়া ১০ টাকা। কিন্তু কয়েক মাস ধরে দ্বিগুণ ভাড়া আদায় করছে মিনিবাসগুলো। এখন আরও ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ রেখেছে যাত্রীসেবা। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এসব দেখার যেন কেউ নেই।
