চান্দিনায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
Advertisement
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
অভিযুক্ত সুমন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নির্যাতনে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের পূর্বপাড়ায় সিরাজ মাস্টারের বাড়িতে সুমনের ঘর থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃষ্টি (২৫) পাশের দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মেয়ে। অভিযুক্ত সুমন চান্দিনার নাজিরপুর পূর্বপাড়ার সিরাজ মাস্টারের বাড়ির মনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। স্থানীয় বাসিন্দা সজিব, সাইফুল ইসলাম ও গিয়াসউদ্দিনের দাবি, দীর্ঘদিন ধরে বৃষ্টির ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। ঘটনার আগে টানা সাত দিন তাকে নির্যাতন করা হয়।
তাদের ভাষ্য, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সুমন স্ত্রীকে মারধরের একপর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে পুকুরপাড় দিয়ে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে যান। পরে বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয়দের দাবি, রাত ৯টার দিকে একটি রিকশায় করে বৃষ্টিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তখন তার শরীরে কোনো সাড়া ছিল না। এরপর সুমন বাড়ি থেকে পালিয়ে যান।
পাশের বাড়ির বাসিন্দা সালেকা ও জয়নব বিবি জানান, শনিবার রাতে সুমন বৃষ্টিকে রিকশায় করে বাড়িতে নিয়ে এলে তারা সাহায্য করতে এগিয়ে যান। তাকে রিকশা থেকে নামানোর সময় শরীরে কোনো নড়াচড়া দেখতে পাননি তারা। শ্বাস-প্রশ্বাসও ছিল না বলে তাদের দাবি। এ সময় চিৎকার দিয়ে সুমন বাড়ি থেকে চলে যান। পরে বৃষ্টির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের স্বজনেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমন পলাতক রয়েছেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

