জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বনায়নের বিকল্প নেই: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
Advertisement
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা এবং রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি ড. মো. আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমরা শুধু বৃক্ষরোপণ করেই ক্ষান্ত থাকব না, রোপণ করা গাছের সঠিক পরিচর্যাও করতে হবে। গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব। জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গজারিয়ার আকিজ ইস্পাত কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।এ সময় তিনি কারখানা কর্তৃপক্ষকে পরিবেশবান্ধব উপায়ে কারখানা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, কারখানা পরিচালনার ক্ষেত্রে পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিবেশবান্ধব উপায়ে কারখানা পরিচালনা না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
