টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ফ্রিজ থেকে মাছ-মাংসও নিয়ে গেল চোরেরা
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে প্রবাসীর বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, চার্জার ফ্যান, ফ্রিজে থাকা মাছ, মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামের মাওলানা বাসির হোসেনের নেদারল্যান্ডস প্রবাসী ছেলে রেদাজের ডুপ্লেক্স বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর ভগিনীপতি বাহাউদ্দীন বলেন, সোমবার সকালে কেয়ারটেকার বিলকিস বেগম ও জ্যোৎস্না বেগমকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য ঢাকায় যান তার শ্বশুর মাওলানা বাসির হোসেন ও শাশুড়ি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কেয়ারটেকার বিলকিস বেগমের স্বামী আনোয়ারের অসুস্থতার কথা বলে জোছনা বেগমকে নিয়ে চলে যান।
তিনি বলেন, বুধবার সকাল ৬টার দিকে শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসে দেখেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে দেখেন চোরদল ডুপ্লেক্স বাড়ির নিচতলা ও উপরের তলা থাকা স্টিল ও কাঠের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, চার্জার ফ্যান, ফ্রিজে থাকা মাছ, মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। অন্যান্য আসবাবপত্র তছনছ করে সব ফেলে দেয়।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
