স্ত্রী হত্যার শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
নিহত স্বামী ও স্ত্রী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগরে স্ত্রী হত্যার শোক সইতে না পেরে দুই সপ্তাহের ব্যবধানে হরি আচার্য নামক প্রবাসফেরত এক স্বামীর মৃত্যু হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ১৮ আগস্ট শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে মাদকাসক্ত দেবর রুহি আচার্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ভাবি রুচি আচার্যকে (৪৫) গুরুতর আহত করে। পরে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই গৃহবধূর মৃত্যু হয়। এ সময় ওই গৃহবধূর স্বামী হরি আচার্য কুয়েতে ছিলেন। স্ত্রী হাসপাতালে ভর্তি- এমন সংবাদ পেয়ে গত ২১ আগস্ট তিনি ছুটে আসেন বাংলাদেশে। স্ত্রীর মৃত্যুর পর একপর্যায়ে তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, প্রায় ৩০ বছর আগে ভালোবেসে বিয়ে করছিলেন এই দম্পতি। মৃত্যুকালে এই দম্পতি দুটি কন্যা সন্তান রেখে গেছেন। ছোট মেয়ে ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বাবা-মাকে হারিয়ে সে পাগলপ্রায়।

