আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
হঠাৎ এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবারে।
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে এক ব্যবসায়ীর বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। ভাড়াটে ‘হেলমেট বাহিনী’ নিয়ে হামলা চালিয়ে নারী ও শিশুসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি গ্রামে তৈয়ব শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জগন্নাথপট্টি গ্রামের তৈয়ব শরীফের সঙ্গে ভাগ্যকুল মান্দা গ্রামের রশিদ দেওয়ানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রশিদ দেওয়ানের নেতৃত্বে ১৪টি মোটরসাইকেলে চড়ে ২৭-২৮ জনের একদল বহিরাগত সন্ত্রাসী এসে তৈয়ব শরীফের বাড়িতে চড়াও হয়।
মাথায় হেলমেট আর হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মুহূর্তের মধ্যেই তারা বাড়িতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুর শুরু করে। হঠাৎ এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাত ও মারধরে রক্তাক্ত হন তৈয়ব শরীফের স্ত্রী হাফেজা সুলতানা (৩৫) এবং তার ১৪ বছরের শিশুসন্তান তানিম হোসেন।
ভুক্তভোগী তৈয়ব শরীফ বলেন, রশিদ দেওয়ানের সঙ্গে জমি নিয়ে আদালতে আমাদের মামলা চলছে। মুন্সিগঞ্জ আদালত ওই জমিতে সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা ও নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু আইন ও আদালতের তোয়াক্কা না করে রশিদ দেওয়ান বহিরাগত হেলমেট পরা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আনে। তারা ধারালো অস্ত্র দিয়ে আমার ঘরবাড়িতে তাণ্ডব চালিয়েছে এবং আমার স্ত্রী ও অবুঝ ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। বিচার চেয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার এসআই গণেশ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

