সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ জড়ো করা লোকজনকে নিয়ে পিছু হটে যায়।
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিরামপুরের দাউদপুর বিজিবি বিওপির গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন ভারতের অংশে ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের জন্য বিএসএফ জড়ো করে রাখে। খবর পেয়ে দাউদপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও স্থানীয় গ্রামবাসী দলবদ্ধ হয়ে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ জড়ো করা লোকজনকে নিয়ে পিছু হটে যায়।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছেন।
দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ জড়ো করা লোকজনকে নিয়ে পিছু হটেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

