Logo
Logo
×
   

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী যানজটে অচল ১০ কিলোমিটার

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী যানজটে অচল ১০ কিলোমিটার

সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং ভারী পণ্যবাহী যানবাহনের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নাসিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চারদিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ হয়। একইভাবে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এবং বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল বাজার পর্যন্ত যানজট তৈরি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং ভারী পণ্যবাহী যানবাহনের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড গোলচত্বরে ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। তবে সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী সড়কে উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে যানজটের চাপ আরও বাড়ছে। পাশাপাশি কিছুক্ষণ পরপর ভারী যানবাহন সড়কের গর্তে আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারদিকে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম দেওয়ান বলেন, বিশ্বরোড সড়কে মেরামতের কাজ চলমান থাকায় এবং কয়েকটি স্থানে গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম