কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র
সপ্তাহে ৫ দিনই ঝুলে তালা, ব্যাহত চিকিৎসাসেবা
বেহাল পরিবেশে ভোগান্তিতে রোগীরা
Advertisement
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র
|
ফলো করুন |
|
|---|---|
কসবার মেহারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রায় এক বছর ধরে কার্যত অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি নিয়মিত খোলা হয় না। কোনো সপ্তাহে একদিন, আবার কোনো সপ্তাহে দুদিন খোলা হলেও অধিকাংশ সময়ই বন্ধ থাকে। এতে ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা। সরেজমিন দেখা যায়, কেন্দ্রের জানালা ও বেসিনসহ ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় কেন্দ্রটির অবস্থা আরও নাজুক হয়েছে। ভেতরের পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কক্ষগুলোতে কুকুর-বিড়াল ঘুমায়। স্থানীয় কৃষক বাছির জানান, প্রায় এক বছর ধরে কেন্দ্রটি নিয়মিত চালু নেই। অফিসের চাবি তার কাছেই থাকে। তিনি চাবি দিয়ে কেন্দ্রটি খুলে ভেতরের অবস্থা দেখান। এ সময় জানালা, বেসিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চিকিৎসাকেন্দ্রে সেবা না পেয়ে ফেরার সময় স্থানীয় ইশরাত জাহান পিংকি জানান, ওই কেন্দ্রের পরিবেশ খুবই নাজুক। এখানকার পরিবেশ উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা চালু রাখার দাবি জানাচ্ছি।
পরিবার পরিকল্পনা ফিল্ড অফিসার আবু নেছার আবেদ জানান, কেন্দ্রটিতে মাসিক ও পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। খাড়েরা ইউনিয়ন থেকে অতিরিক্ত দায়িত্বে থাকা পরিবারকল্যাণ পরিদর্শিকা রিনা বেগম সপ্তাহে দুই দিন-বুধ ও রোববার এখানে আসেন। চুরির পর বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে নতুন করে বরাদ্দ চাওয়া হচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) চিকিৎসক শিরিন আক্তার জানান, এ কেন্দ্রে কোনো আয়া ও নাইটগার্ড নেই। একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা সপ্তাহে দুদিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তবে স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত দুদিনেও সব সময় কেন্দ্রটি খোলা থাকে না। কোনো সপ্তাহে একদিন, আবার কোনো সপ্তাহে দুদিন খোলা হয়। ফলে স্বাস্থ্যসেবা নিতে এসে অনেককেই হতাশ হয়ে ফিরতে হয়।
