চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককেই দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাসের চালক মো. আলতাফ (২৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদরহাট বাজারের চুন্নু মাতাব্বরের ছেলে বাসের কন্ডাক্টর সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ধর্ষণের শিকার ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহণের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান। পরে চলন্ত বাসে তারা পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে।
এ সময় ভয় দেখিয়ে ওই নারী যাত্রীর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। পরে বাস নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চক্কর দিতে থাকে।
পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামায়। এ সময় ধর্ষণের শিকার নারী ওই এলাকায় টহলে থাকা হাইওয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। পরে হাইওয়ে পুলিশ বাসসহ দণ্ডিতদের টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওই দিনই টাঙ্গাইল সদর থানায় ভিকটিম বাদী হয়ে দণ্ডিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী তদন্ত শেষে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। পরে আসামিদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
