সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের লাশ উদ্ধার
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার এক ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসক ছিলেন।
মৃতের ভগিনীপতি ও পুলিশ সূত্রে জানা যায়, মৃতের বোন সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা গত রোববার সকালে মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসাটিতে ভাড়া হিসেবে ওঠেন। সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পদ্মজিৎকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত চিকিৎসকের স্বজনদের বরাতে তিনি জানান, পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং এর আগে পরিবারের অন্য সদস্যের আত্মহত্যার চেষ্টার ইতিহাস থাকায় মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
