ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার ১২ বছরের এক কিশোরকে অপহরণের পর হত্যার দায়ে চাচা মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রাকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুর জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
ভুক্তভোগী শিশু রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিফাত আসামি মাসুমের ভাতিজা।
মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করে। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধে শিশুটিকে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়েছে। ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুর সদর থানায় আত্মসমর্পণ করেন। পরে মাসুম বিল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন।
