Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আড্ডার সময় মেঘনার পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

আড্ডার সময় মেঘনার পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

মো. আমজাদ ও মো. রাকিব। ছবি: সংগৃহীত

Advertisement

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে আড্ডা দেওয়ার সময় ৫ বন্ধুকে নিয়ে নদীর পাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন জীবিত উদ্ধার হলেও নদীতে নিখোঁজ রয়েছেন ২ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’ খ্যাত মেঘনার তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন- ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮), এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫ জন মিলে মেঘনার তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে রাতের আঁধারে নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিংকৃত জিওব্যাগসহ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এর সঙ্গে খরস্রোতা মেঘনায় পড়ে যান ৫ বন্ধু। তাদের মধ্যে থেকে ৩ জন সাঁতার কেটে তীরে উঠলে নদীতে নিখোঁজ হন আমজাদ ও রাকিব। পরে তীরে উঠা ৩ বন্ধু চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে যান এবং স্থানীয়রা মিলে নিখোঁজদের উদ্ধারে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। 

একপর্যায়ে নদীতে নিখোঁজদের হদিস না মেলায় কোস্টগার্ড ও নৌপুলিশকে খবর দিলে তারা গিয়ে কিছুক্ষণ নদীতে উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ দুজনের সন্ধানে নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে তাদের কোনো হদিস মেলেনি।

এদিকে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেঘনা নদীতে নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম