সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ফলের দোকানসহ প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।
এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশের বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লোকজন মহাসড়কের পাশে সওজের জায়গায় ও ফুটপাতে অবৈধ দোকানপাট নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এতে পথচারীদের যাতায়াতের সমস্যা হচ্ছিল। এছাড়াও মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের যৌথ উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজের এ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
