Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

Advertisement

Icon

শিপু ফরাজী (চরফ্যাশন, ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন গুলোতে স্থানীয় নির্বাচনের আগাম ভোটের হাওয়া বইছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক পটপরিবর্তন এবং পুনর্বিন্যাসের পর, চরফ্যাশনের স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটার এবং সম্ভাব্য প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত তফসিল ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে গ্রামীণ জনপদে রাজনৈতিক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সীমানা জটিলতা নিরসন এবং মেয়াদ শেষ হওয়া প্রস্তুতকৃত ৮টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন।

চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে যে ৮টি ইউনিয়ন সম্পূর্ণ আইনি জটিলতামুক্ত এবং নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, সেগুলো হলো- চরমাদ্রাজ ইউনিয়ন, নুরাবাদ ইউনিয়ন, চরকলমি ইউনিয়ন, হাজারিগঞ্জ ইউনিয়ন, জাহানপুর ইউনিয়ন, এওয়াজপুর ইউনিয়ন, ঢালচর ইউনিয়ন ও আহম্মদপুর ইউনিয়ন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ৮টি ইউনিয়নে ভোটের জন্য প্রশাসনিক ও আইনি সকল প্রস্তুতি সম্পন্ন। যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনকে সামনে রেখে চরফ্যাশন উপজেলার এসব ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সাধারণ মানুষের সাথে নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় থেকে শুরু করে প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে পাড়া-মহল্লায় নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। হাট-বাজার ও চায়ের দোকানগুলো সম্ভাব্য প্রার্থীদের ছবি সংবলিত শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন এবং পোস্টারে ছেয়ে গেছে। গ্রামের প্রধান প্রধান মোড় ও চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনা; কে হচ্ছেন কার প্যানেলের প্রার্থী আর কার পাল্লা কতটুকু ভারী।

অন্যদিকে তৃণমূলের সাধারণ ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে তাদের পছন্দের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে নিজস্ব হিসাব-নিকাশ শুরু করেছেন। বিশেষ করে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে এমন নেতৃত্বকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। সাধারণ ভোটাররা চান একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে সৎ, যোগ্য এবং জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন।

উপজেলা নির্বাচন অফিসের সূত্রানুযায়ী, এই ৮টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়,নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ এবং চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ ভোট কেন্দ্র চূড়ান্তকরণ এবং অন্যান্য লজিস্টিকসগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত পেলেই যেকোনো দিন এই ইউনিয়নগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তফসিল ঘোষণার পর এই নির্বাচনি আমেজ ও আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। চরফ্যাশনের এই নির্বাচনি আবহ তৃণমূলের মানুষের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম