মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোন তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের লাশগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। ট্রলারে করে গরু, ছাগলসহ ১৩ যাত্রী নিয়ে তারা বৈদ্যার বাজারে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়েন। এতে ট্রলারটি উলটে পানিতে ডুবে যায়। এ সময় ৮ জন সাতঁরে পাড়ে উঠে যান। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ থাকেন একই পরিবারের হেলাল, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধারের জন্য অভিযান চলছে।
