চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। রোববার বিকালে বন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বন্দর শ্রমিক দলের নেতা হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন। মিছিলে ‘স্টপ প্রাইভেটাইজেশন’, ‘ডিপি ওয়ার্ল্ড, গো ব্যাক, গো ব্যাক’ এবং ‘বন্দর বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মিছিল শেষে হুমায়ুন কবীর বলেন, আমাদের প্রথম ও প্রধান দাবি, চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দিতে দেব না। আমরা চাই, সরকার ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দর তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসুক। আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক।
ইব্রাহিম খোকন বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। এ বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিলে বন্দরের ১ হাজার কর্মচারী বেকার হবে। এ বন্দর বিদেশিদের হাতে চলে গেলে একটা সময় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে এ বন্দর যেন সরকার বিদেশিদের কাছে হস্তান্তর না করে।
তিনি আরও বলেন, এ সরকার গণতান্ত্রিক সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমরা বিশ্বাস করি, এ সরকার রাষ্ট্রের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা সরকারকে বলার চেষ্টা করছি, এ বন্দর বাংলাদেশের সম্পদ, ১৮ কোটি মানুষের সম্পদ। বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান—সবকিছু এখানে জড়িত।
এ সময় আগামী শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
