প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া যশোরের ৯২ জনকে অবশেষে নিয়োগপত্র দেওয়া হয়েছে। রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জিএম আলমগীর কবীর পৃথক চিঠিতে তাদের নিয়োগপত্র ইস্যু করেন।
এর আগে শনিবার যশোর জেলার চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি—এমন দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন প্রার্থীরা। একদিন পর তাদের মধ্যে ৯২ জনের নামে নিয়োগপত্র ইস্যু করা হলো।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জিএম আলমগীর কবীর জানান, প্রথম দফায় ১০৬ জনের নিয়োগপত্র ইস্যু বাকি ছিল। তাদের মধ্যে ১৩ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ৯৩ জনের মধ্যে ৯২ জনের নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। একজনের নামে মামলা থাকায় তার নিয়োগপত্র ইস্যু করা হয়নি।
তিনি জানান, নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান করবেন।
জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যশোর জেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হন ২৯০ জন। এর মধ্যে বৃহস্পতিবার প্রথম দফায় ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বাকি ১০৬ জনকে নিয়োগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট প্রার্থীরা।
রোববার ওই ১০৬ জনের মধ্যে ৯২ জনের নিয়োগপত্র ইস্যু করা হয়। ১৩ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এবং একজনের নামে মামলা থাকায় তার নিয়োগপত্র ইস্যু করা হয়নি।
নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান করবেন। পূর্বঘোষণা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন করা হবে।
