তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
নদের তীরে নিখোঁজ শিশুদের স্বজন ও উৎসুক জনতার ভিড় জমেছে। ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জামাইবাজার এলাকার রেলওয়ে ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। দুই শিশু নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নদের তীরে নিখোঁজ শিশুদের স্বজন ও উৎসুক জনতার ভিড় জমেছে।
নিখোঁজ শিশু দুজন হলো- আবি ইউনুস (১০) ও নিরব (৯)। নিখোঁজ আবি ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে। আর নিরব একই এলাকার ভাড়াটিয়া শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে দুই শিশু তুরাগ নদে মাছ ধরতে যায়। জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরার একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ডুবুরি দলের সদস্যরাও তল্লাশিতে যোগ দেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত নদীতে অভিযান চালানো হলেও নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার বিকেলে শিশু দুটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত সাড়ে ৭টার দিকে আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

