অনশনের পর নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক, বঞ্চিত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
অনশনরত শিক্ষকরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ২২ প্রার্থীর মধ্যে ২০ জন নিয়োগপত্র পেয়েছেন। এর আগে তারা কাফনের কাপড় পরে দিনভর অনশন কর্মসূচি পালন করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে অনশনে থাকা দুজন প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্রের ত্রুটি থাকার কারণে এতদিন তাদের নিয়োগ আটকে ছিল।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নির্দেশনা পাওয়ার পর রাতেই ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাদের নিয়োগপত্র ইতিমধ্যে ডাকযোগে নিজ নিজ ঠিকানায় পাঠানো হচ্ছে। বাকি দুজনের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শূন্য পদে অংশগ্রহণকারিদের ফলাফলে জেলায় ২৫৯ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। তাদের ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। ২২ জনের নিয়োগ স্থগিত ছিল। তারা বুধবার দিনভর ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন করেছিলেন।
এদিকে নিয়োগের চ‚ড়ান্ত খবর পেয়ে ভীষণ খুশি বঞ্চিত প্রার্থীরা। তারা বলেন, কাঙ্খিত নিয়োগ পেয়ে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম। সরকার ও সাংবাদিকদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
নিয়োগপত্র না পাওয়া দুজনের মধ্যে একজন জাহিদ হাসান। তার বাড়ি গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামে। আমি কোনো রাজনৈতিক দল করি না, এমনকি আমার নামে কোন মামলাও নেই। তারপরও কেন আমি নিয়োগপত্র পেলাম না, আমি তা জানি না। অন্যজন ধোবাউড়া সদরের মাশরুর হাসান। উপজেলা মেধাতালিকায় তিনি ২২তম হয়েছিলেন। তিনিও জানেন না, কেন তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি।
