বেশি দামে এলপিজি বিক্রি, চুনারুঘাটে ডিলারকে জরিমানা
Advertisement
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস মজুতের অভিযোগে ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং লাইসেন্সের অনুমোদিত পরিমাণের অতিরিক্ত সিলিন্ডার মজুতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির এলপিজি ডিলারশিপ লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। তবে তাদের ক্রয় রসিদ যাচাই করে দেখা যায়, ‘সেনা এলপিজি’ নামের সরবরাহকারী প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জননী এন্টারপ্রাইজের কাছে সিলিন্ডার বিক্রি করেছে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়ন, অনুমোদিত সীমা অনুযায়ী গ্যাস মজুত রাখা, ক্রয়-বিক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।
