শিকড়ের সন্ধানে সাইকেলে সিলেট অভিমুখে ২৬ ব্রিটিশ-বাংলাদেশি
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের রূপ, বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের প্রবাসীদের বন্ধন সুদৃঢ় করা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তহবিল সংগ্রহের লক্ষ্যে পঞ্চগড় থেকে সিলেট অভিমুখে ব্যতিক্রমী এক সাইকেল যাত্রা শুরু হয়েছে।
এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত ২৬ জন ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সাইকেল যাত্রার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় পঞ্চগড় জেলা সদরের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ চত্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তারা। অংশগ্রহণকারী অধিকাংশ প্রবাসীর পারিবারিক শিকড় সিলেট অঞ্চলে।
বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, এই সাইকেল ভ্রমণের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের প্রকৃতি ও নিজেদের শিকড়কে খুব কাছ থেকে জানার সুযোগ পাবেন। পাশাপাশি এটি একটি চ্যারিটি উদ্যোগ। এখান থেকে সংগৃহীত তহবিল এ দেশের মানুষের কল্যাণেই ব্যয় করা হবে। আমরা এই দীর্ঘ যাত্রার নিরাপত্তা ও সফল সমাপ্তির জন্য স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।
আয়োজক সংস্থা জানায়, এর আগে টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সফল সফরের পর এবার পঞ্চগড় থেকে বিভিন্ন জেলা ও ঐতিহাসিক জনপদ অতিক্রম করে সাইকেলে সিলেটে পৌঁছবেন এই তরুণরা। মূলত বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজ মাতৃভূমির বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্য ও পূর্বপুরুষের বাস্তুভিটার সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং একই সঙ্গে সমাজসেবামূলক কাজের জন্য দাতব্য তহবিল সংগ্রহ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
