নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Advertisement
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত মূল্যে পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের পাইকারি ২০০০ টাকা করে বিক্রির রশিদ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানের সহযোগিতা করে, বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান সূত্রে জানা গেছে, সারা দেশব্যাপী এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার অস্থিরতার বিরুদ্ধে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত ১৮৩৭ টাকা খুচরা মূল্যের বিপরীতে পাইকারি ক্রয় ১৭৪২ টাকা হলেও লোড-আনলোড, শ্রমিক, পরিবহণ ও মুনাফাসহ ১৯০২ টাকা করে পাইকারি বিক্রয় মূল্য হলেও ২০০০ টাকার রশিদ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকটকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
