দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি
Advertisement
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর জন্য বিধি মোতাবেক নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ পরিচালনা পর্ষদ।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্নাহ।
গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে গত প্রায় পাঁচ দিন ধরে কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। গভর্নিং বডির দ্রুত সিদ্ধান্তের পর শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন। ফলে আজ থেকে কলেজে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের প্রতিনিধিরা জানান, শিক্ষা নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চান না তারা। সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চান। অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুধু সাময়িক অব্যাহতি নয়, তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা।
পাশাপাশি কলেজের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্য বলেন, সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলছে। তিনি মহিলা কলেজ থেকে বেতন নেন এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত মাফিজ উদ্দিন তালুকদার কলেজে কাজ করেন বলে অভিযোগ রয়েছে।
ওই সদস্য আরও বলেন, মহিলা কলেজকে অচল করে রাখার পাঁয়তারা করে যাচ্ছেন তিনি। কলেজের নানা অনিয়মসহ তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই সুন্দরভাবে কলেজটি পরিচালিত হোক। যে কারণে পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইলে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
