কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আতিকুল ইসলাম নায়েকপুর ইউনিয়নের মাগনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিতে গরু দিয়ে ধানগাছ খাওয়ানোকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বিকালে বাচ্চু মিয়ার সঙ্গে আতিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এর জেরে আতিকুল দলবল নিয়ে বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আতিকুলের বাঁশের লাঠির আঘাতে বাচ্চু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছেলে আলামিন বাদী হয়ে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আতিকুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
ঘটনার পর থেকেই আতিকুল পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে গোপনে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সোমবার পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশে হাওড়ে কাজ করার ভান করে অতর্কিত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন করিম জানান, বাচ্চু মিয়া হত্যা মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে থাকলেও প্রধান আসামিসহ অন্যরা দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে হাওড় থেকে কৃষকের ছদ্মবেশে আতিকুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
