নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Advertisement
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। ইনসেটে সুপ্রভাত মদক।
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সুজানগরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৪২) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আহম্মদপুর গ্রামের একটি হলুদের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তার নম্বর থেকে আবার ফোন এলেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেতে সুপ্রভাতের শরীরের বিভিন্ন অংশ পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আমিনপুর থানার ওসি ফজলে ইলাহী বলেন, শরীর পোড়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে ঘটনার খবর পেয়ে নিহত ব্যবসায়ীর বাড়িতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন।

-6ac526e416760.jpg)