এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এত দেরি করবেন কেন তিনি? আগে এলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরই আসতে হবে? যেদিনই আসেন, চলে আসুন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি এ দেশেরই নাগরিক। এ দেশেই ছিলেন। কেন দেশ ছেড়েছেন, সেই প্রশ্ন তাকে করা উচিত। সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে তিনি দেশ ছেড়েছেন। পুলিশ ও বিভিন্ন বাহিনী পাঠিয়ে সমাবেশ নস্যাৎ করার চেষ্টা করতেন। শেখ হাসিনা দেশে ফিরলে আইনগতভাবে তার যা প্রাপ্য, বিচার অনুযায়ী তা বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই, তিনি দ্রুত দেশে ফিরে আসুন।
সরকারি মালিকানাধীন শিল্পকারখানা পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এসব কারখানার অধিকাংশের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। প্রায় ৬০ থেকে ৮০ বছর আগে প্রতিষ্ঠিত কারখানাগুলোর তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। প্রতি হেক্টর জমিতে গড়ে সাড়ে তিন টন ধান উৎপাদিত হলেও তা ৬ থেকে ৭ টনে উন্নীত করার সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ একসময় চালের নিট রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
তিনি বলেন, একসময় পেঁয়াজে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমদানি-রপ্তানির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের আমদানি ঐতিহাসিকভাবেই রপ্তানির তুলনায় বেশি। তবে শুধু এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। অন্যদিকে, রপ্তানিমুখী শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে। তাই আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
এর আগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী। সেখানে তিনি কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহণ সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।
মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় থেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা এ পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে রয়েছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। কলেজের খেলার মাঠ, মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্যমন্ত্রী হযরত শাহপরাণ (রহ.) মাজার সড়ক থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়ক উন্নয়ন, সীমানাপ্রাচীর, প্রতিরোধ দেয়াল ও নালা নির্মাণকাজের উদ্বোধন করেন।

