টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
ক্রিল লেন্ডার ক্রেড়িল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে এসে নাটোর রেলস্টেশনে ক্রিল লেন্ডার ক্রেড়িল (১৮) নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত চুরি হওয়া ল্যাপটপ ক্যামেরা উদ্ধার ও চোরকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের কয়েকটি টিম উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ক্রিল লেন্ডার।
তিনি জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রেনে নাটোরে পৌঁছান। নাটোর থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সি এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। ওই যুবকের কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওই যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর ক্রিল লেন্ডার নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী জার্মান পর্যটক রাত ৮টায় থানায় আসেন। পরে সব খুলে বলার পর তাকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তার চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।
এদিকে সিসিটিভিতে পরিষ্কারভাবে চোরকে দেখা গেলেও এখনো উদ্ধার না হওয়ায় পর্যটন শহর নাটোরের সচেতন নাগরিকেরা হতাশা প্রকাশ করেছেন।
