‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ সময় চুরি হওয়া গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিকের ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অভিযোগও উঠেছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত থেকে শনিবার (৩ অক্টোবর) ভোরের মধ্যে উপজেলার কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম মাস্তা গ্রামের মো. শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ক্রস জাতের গাভী গোয়ালঘরে বেঁধে রাখেন। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে গরুটি চুরি হয়েছে বলে তিনি বুঝতে পারেন।
এরপর স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হলে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা। সেই ছাপ অনুসরণ করে বার্না চন্দ্র শেখর (বকশিচর) গ্রামের একটি বাড়িতে গিয়ে চুরি যাওয়া গরুটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় গরুর মালিক ও তার ভাতিজার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা আনারুলের মাথায় আঘাতের চেষ্টা করা হয়। তিনি হাত দিয়ে ঠেকালে তার ডান হাতে কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে কয়েকজন অভিযুক্ত পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।
পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করে। আহত আনারুলকে স্থানীয়রা অজ্ঞাত একটি অটোরিকশা যোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। শনিবার সোহানের বাড়িতে বউভাতের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম চুরি করা গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
