জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনগুলো শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার নির্বাচন প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে মীর শাহে আলম বলেন, নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে বিনা ভোটে, রাতে ভোট এবং ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অনেক সংসদ-সদস্য ও হুইপ দায়িত্ব পালন করেছেন। তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির নেতারাও বিভিন্ন দায়িত্বে ছিলেন। কিন্তু তারা গাইবান্ধার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি বলে মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষির উন্নয়ন, নদীভাঙন রোধ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক ব্যবহারের বিষয়েও প্রশ্ন রয়েছে। জেলায় আসার আগে তিনি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়েছেন বলেও জানান।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

