বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
মীর শাহে আলম বলেন, লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েকশ’ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।
তিনি বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সজাগ ও সচেতন। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।
মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

