অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বিজিবির অভিযান এবং জৈন্তাপুরে থানা পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ, কসমেটিকস, শাড়িসহ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পাচারকারীকেও আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড গুলি এবং ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
একই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংকস ও মসলা জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছও আটক করা হয়, যার সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল বালুর স্তরের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলার পাঁচ সেউতী গ্রামের সিদ্দেক আলীর ছেলে আলালকে (৩৫) আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
বিজিবি ও পুলিশ উভয় বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নীতি অনুযায়ী এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

