মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়। তবে সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এই দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। সড়কে শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়।
বৃহস্পতিবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট এক কোটি পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত ছয়জনের চিকিৎসার জন্য ১৬ লাখ টাকার চেক দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এক কোটি ২১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. ফারুক আলম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে।
